ময়মনসিংহ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
গৌরীপুর থানার ওসি দীপক চন্দ্র মজুমদার জানান, শনিবার দুপুরে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাউষা উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রামের ষাঁড়ের লড়াইয়ে এক দল হেরে গেলে এ সংঘর্ষ বাঁধে।
দীপক জানান, গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রাম ও নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সিংগেরগাও গ্রামের দুটি ষাঁড় এ লড়াইয়ে অংশ নেয়। গৌরীপুরের ষাঁড়টি হেরে গেলে গিধাউষা গ্রামের লোকজন ফল মেনে নিয়ে অস্বীকার করে।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৫০ জন আহত হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
আহতদের নেত্রকোনা সদর, কেন্দুয়া উপজেলা ও গৌরীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৯০০ ঘ.
bdnews24