রাজশাহী, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- বাস মালিক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ী-আমনুরা সড়কে তিনঘণ্টা অবরোধ করেছে শ্রমিকরা।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধ চলে। পরে গোদাগারী উপজেলা চেয়ারম্যানের সঙ্গে সমঝোতার পর অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে গোদাগাড়ীর ডাইংপাড়া মোড়ে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গোদাগাড়ী-আমনুরা রুটে চলাচলকারী একটি বাস রাখা হয়।
এ নিয়ে বাসের সহকারী মিলনের সঙ্গে জাহিদুলের কথা কাটাকাটির এক পর্যায়ে মিলনকে মারধর করেন জাহিদুল।
এ সময় বাসের মালিক মোহাম্মদ রেজাউল ইসলাম খোকা এর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।
এর পরপরই স্থানীয় বাস মালিক ও শ্রমিকরা গোদাগাড়ী-আমনুরা রুটে বাস চলাচল বন্ধ রাখে এবং ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা চেয়ারম্যান বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
বাস মালিক রেজাউল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24