ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছে। বিকাল ৪ টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে কফিন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
বিমান বন্দরে উপস্থিত বিএনপি নেতারা জানান, আনুষ্ঠানিকতা শেষ করে অ্যাম্বুলেন্সে করে কফিন নিয়ে যাওয়া হবে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।
সেখানে দলের পক্ষ থেকে চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে মহাসচিবের কফিনে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর পুরান ঢাকার আর্মানিটোলায় তার বাসায় কফিন নেওয়া হবে। সেখানে বাদ এশা আমার্নিটোলা মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
রাতে মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে।
খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার বিকালে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। গত ৪ মার্চ ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে জরুরীভাবে খোন্দকার দেলোয়ারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।
খোন্দকার দেলোয়ারের কফিনের সঙ্গে তার বড় ছেলে খোন্দকার আখতার হামিদ ডাবলু ও মেয়ে দেলোয়ারা হোসেন পান্নাও এসেছেন। বিমান বন্দরে মরহুমের কফিন গ্রহন করেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা।
বিমান বন্দরের বাইরে রাস্তার দুই ধারে নেতা-কর্মীরা নিরবে দাঁড়িয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬২৭ ঘ.
bdnews24