ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া এতিমখানা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় খালেদা জিয়াও আসামি।
এ মামলায় খালেদার আবেদনে হাইকোর্টের দেওয়া আদেশের নিষ্পত্তি না হওয়ায় মঙ্গলবার নির্ধারিত দিনে অভিযোগ গঠনের শুনানি হয়নি।
আগামী ২৫ এপ্রিল শুনানির নতুন তারিখ রেখেছে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ভারপ্রাপ্ত বিচারক মো. কাদের নেওয়াজ।
মামলার নথিপত্রে দেখা যায়, এ নিয়ে এ অভিযোগ গঠনের শুনানি ষষ্ঠবারের মতো পিছিয়ে গেল।
সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ব্যস্ততার কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা মঙ্গলবার আদালতে হাজির হননি। মামলার আসামি তার ছেলে তারেক রহমানের পক্ষে আইনজীবী হাজিরা দেন।
আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, এ মামলায় হাইকোর্ট তারেকের জামিনের মেয়াদ গত ২৩ জানুয়ারিতে এবং খালেদার জামিনের মেয়াদ গত ৬ ডিসেম্বরে ছয় মাসের জন্য বাড়িয়ে দেন।
মামলার অন্যতম আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল মঙ্গলবার উপস্থিত থাকলেও অন্য আসামি শরফুদ্দিন আহমেদ আদালতে উপস্থিত হতে সময়ের আবেদন করেন।
মামলার অন্য আসামি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ওবং মোমিনুর রহমান পলাতক রয়েছেন।
জিয়া ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুর্নীর্তি দমন কমিশন। ওই বছরের ৫ অগাস্ট অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/পিবি/এমআই/১৩১৩ ঘ.
bdnews24