ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সহকর্মীকে 'মারধরের' প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতালে) চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ করেছে।
এক কর্মচারীেেক হাসপাতাল উপপরিচালক ডা. আবুল হাশেম খান সোমবার রাতে মারধর করেন বলে চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে কর্মচারীদের একটি অংশ ক্যাম্পাসে মিছিল করে। পরে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কেএম ফরিদুজ্জামান সমস্যার সুরাহার আশ্বাস দিলে কর্মচারীরা কাজে যোগ দেয়।
কিন্তু এরপর ডা. হাশেম তার সমর্থিত ছাত্র ও চিকিৎসকদের নিয়ে হাসপাতাল চত্বর মহড়া দিতে দেখে কর্মচারীরা কাজ বন্ধ করে আবার মিছিল শুরু করে।
ডা. হাশেম কর্মচারীদের সঙ্গে আগে থেকে দুর্ব্যবহার করে আসছেন বলে জাহাঙ্গীর দাবি করেন।
কর্মচারীদের অভিযাগের বিষয়ে ডা. হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি কোনো কর্মচারীকে মারধর করিনি। আমি শুধু কাজে ফাঁকি দেওয়ায় বকাঝকা করেছি।"
"যারা মিছিল করছে, তারা সবাই হাসপাতাল কর্মচারী নয়। হাসপাতাল সংলগ্ন দোকানগুলো আমি কিছুদিন আগে উচ্ছেদ করেছি। তাই স্থানীয় দোকান মালিকরা কর্মচারীদের ছত্রছায়ায় এ বিক্ষোভ করছে", বলেন তিনি।
কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন ডা. হাশেম।
দুপুর ২টার পর হাসপাতালের পরিচালকের সঙ্গে কর্মচারী ইউনিয়নের নেতাদের বৈঠকের পর কর্মচারীরা কাজে ফেরে। ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছিলো বলে হাসপাতালের পরিচালক ফরিদুজ্জামান জানান।
হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত পুলিশ উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মচারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছে। কোনো ভাংচুর হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24