২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

সড়ক দুর্ঘটনায় সোমবার চাঁদপুর, মাগুরা ও গাইবান্ধায় তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় সোমবার চাঁদপুর, মাগুরা ও গাইবান্ধায় তিনজনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, জেলা শহরে সকালে বাসের ধাক্কায় নিহত হন ওয়াপদা গেইট এলাকার শান্তি বেগম (৬০)। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দুইঘণ্টা চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রব সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই শান্তি বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বাস চলাচল শুরু হয়। মাগুরা: বেলা ১২টার দিকে সদর উপজেলার ধলহরা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন সত্যবানপুর গ্রামের ওলিয়ার মোল্লা (৫৫)। আহত হন তার ভাইপো মুরাদ মোল্লা (৩৫)। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক নূর মোহম্মদ জানান, ওলিয়ার ও মুরাদ এক মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে মাগুরা শহরে আসছিলেন। ধলহরা পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ওলিয়ারের মৃত্যু হয়। গাইবান্ধা: গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের চৌধুরী বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন নুরুজ্জামান মিয়া (৭৫)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার বজরা হলদিয়া গ্রামের বাসিন্দা। সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নুরুজ্জামান মিয়া ও মোটরসাইকেল আরোহী নাজিম উদ্দিন (৪০) আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নুরুজ্জামানের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৫৪ ঘ.