টাঙ্গাইল, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়ায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতির মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণকুশিয়া গ্রামের লাভলু মিয়ার মা লালভানু (৬০) তার একমাত্র নাতি মারুফ হোসেনকে (৫) নিয়ে সন্ধ্যা ছয়টার দিকে একই গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে ব্রাহ্মণকুশিয়া লেভেলক্রসিংয়ে রেললাইন অতিক্রম করার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে দুজনেই মারা যান।
রেলওয়ের টাঙ্গাইল স্টেশনের মাস্টার আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা পাঁচটা ৫৭ মিনিটে ট্রেনটি টাঙ্গাইল স্টেশন ত্যাগ করে। ওই ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৪ ঘ.
bdnews24