ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক আদালতে কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানিতে আদালতে বক্তব্য দিতে সাংবাদিক লরেন্স লিফসুজ ঢাকা এসেছেন।
সোমবার যুক্তরাষ্ট্রের এই সাংবাদিক হাইকোর্টে তার হলফনামা জমা দেবেন।
রোববার রাতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লিফসুজ ঢাকা পৌঁছেন। ওইদিনই তার (এমকে রহমান) সঙ্গে এ সাংবাদিকের এ বিষয়ে দেড় ঘণ্টা বৈঠক হয়েছে।
লিপসুজ আদালতে হলফনামা আকারে তার বক্তব্য পেশ করবেন।
গত ২৮ ফেব্রুয়ারি এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে লিপসুজ বাংলাদেশে আসতে পারেন।
গত ২০ জানুয়ারি লরেন্স লিফসুজকে আদালতে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করে হাইকোর্টের একটি বেঞ্চ। ওই আবেদনে সাড়া দিয়ে ছেলের অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে না পারলেও তিনি লিখিত বক্তব্য পাঠান।
৩ ফেব্রুয়ারি ওই বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়।
১৯৭৬ সালের ১৭ জুলাই বিচারের রায় হয়। ২১ জুলাই ভোর রাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে প্রথম রিট আবেদনটি করেন।
তাদের আবেদনের পর হাইকোর্ট সেই গোপন বিচারের নথি তলব করে। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
পরে এই ঘটনায় সহ-দণ্ডপ্রাপ্ত আরো ছয়জন তাদের দণ্ড ও বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তিনটি রিট করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/ডিডি/এইচএ/২৩৪৮ ঘ.
bdnews24