রংপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে তুচ্ছ ঘটনায় অজিউল্লাহ মিয়া (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ভোরে শহরের বড় রংপুর পাকারমাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে।
নিহতের ছেলে নাজির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতে আমার ট্রলিটি নষ্ট হয়ে গেলে সেটি স্থানীয় আজগার মিয়ার চাল কলের চাতালের সামনে রেখে বাড়ি চলে আসি।"
"ভোরে আজগর মিয়া তার চাল কলের চাতালের সামনে ট্রলি দেখে ক্ষিপ্ত হয়ে বাবাকে ও আমাকে ধরে চাতালে নিয়ে যায়।"
নাজির বলেন, "সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আজগার মিয়া ও তাদের লোকজন আমাদের পেটাতে শুরু করে। বাবার চিৎকার শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে আসলেও আজগার আলীর ভয়ে কাছে ভিড়েনি।"
এক পর্যায়ে নাজির পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ঘটনাস্থলেই অজিউল্লাহ মিয়ার মৃত্যু হয় বলে দাবি করেন নিহতের স্ত্রী নূর জাহান বেগম।
পরে লাশ চাতালের পাশে ফেলে রেখে পালিয়ে যায় আজগার ও তার লোকজন।
নূর জাহান বেগম বলেন, আমার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনার পর থেকে আজগার ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।"
থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০৫ ঘ.
bdnews24