২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পিতা-পুত্র খুন

ক্যারম খেলার প্রতিবাদ করায় দুর্বৃত্তের হামলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ময়মনসিংহ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যারম খেলার প্রতিবাদ করায় দুর্বৃত্তের হামলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার ত্রিশধর গ্রামের মোশাররফ হোসেন ও তার ছেলে মফিজুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে স্থানীয় কয়েকজন তাদের উপর হামলা চালায়। ওইদিন রাতেই মফিজুল ইসলাম এবং শুক্রবার দুপুরে মোশাররফ হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহত মোশাররফের জামাতা এনায়েত কবির টিটু সাংবাদিকদের বলেন, নিহতদের বাড়ির পাশে স্থানীয় আব্দুল মজিদ নামে এক তরুণ তার মনোহরি দোকানের পাশে ক্যারাম খেলা চালু করে। এ খেলা নিয়ে প্রায়ই নানা ঝগড়া-বিবাদ লেগে থাকে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ক্যারাম খেলা নিয়ে মজিদ ও তার ভাইদের সঙ্গে কলেজ ছাত্র মফিজুল ও তার বাবা মাদ্রাসা শিক্ষক মোশাররফ হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজিদ, চঞ্চল, মানিকসহ ১৫/২০ জন তরুণ দা ও লাঠিসোটা নিয়ে হামলা করে মফিজুল ও তার বাবাকে গুরুতর আহত করে। এ সময় আশেপাশে কয়েকজন তাদের সাহায্যে এগিয়ে এলে তারাও আহত হন। গুরুতর আহত পিতা-পুত্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। শুক্রবার সন্ধ্যায় এ দু'জনেরই লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। গৌরীপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, নিহত মোশাররফ হোসেনের ভাইপো শামসুল হুদা গৌরীপুর থানায় স্থানীয় চঞ্চল, মাসুদ, মজিদ, মানিক, তমিজউদ্দিন, হাসিম উদ্দিনসহ ১৪ জনের নামে উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চঞ্চল, জসীম ও মজিদকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৮ ঘ.