দিনাজপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে মারধরের শিকার হওয়ার পর দিনাজপুরের বিরল উপজেলার দুপ্তইর গ্রামে পুলিশি তাণ্ডবের জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) সিদ্দিকুর রহমান।
বৃহস্পতিবার বিকালে ফরক্কাবাদ ইউনিয়নের দুপ্তইর গ্রামে যান ডিআইজি। তিনি গ্রামবাসীর সঙ্গে কথা বলেন এবং পুলিশি নির্যাতনের অভিযোগ শোনেন।
গ্রামবাসী ডাকাত সন্দেহে এক পুলিশ সদস্যকে মারধর করার পর মঙ্গলবার পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। তখন গ্রামবাসীকে নির্বিচারে পেটানো হয় বলে অভিযোগ আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিআইজি পুলিশের ভূমিকা জানতে চাইলে ৬ বছরের শিশু তানিয়া তাকে সেদিন চড় মারার কথা বরে। তখন ডিআইজি কিছুক্ষণ নিশ্চুপ থাকেন।"
পুলিশের নির্যাতনের অভিযোগ সিদ্দিকুরের কাছে তুলে ধরেন আব্দুল ওয়াহাব (৬০), নিরঞ্জন (১৬), সচীন্দ্র নাথ রায় (৫৫), সহীদা বানু (৪০), শেফালী বালা (৪৫), শ্রীমন্ত রায় (২৩) প্রমুখ।
তারা দিনাজপুরের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে নির্যাতনের জন্য অভিযুক্ত করেন। ডিআইজির সঙ্গে থাকা তাঞ্জিলুর তখন ঘটনাস্থল থেকে সরে নিজের গাড়িতে গিয়ে ওঠে বসেন।
নির্যাতিতরা তাঞ্জিলুর এবং সহকারী পুলিশ সুপার মকবুল হোসেনের অপসারণ ও বিচার দাবি করেন।
ইউপি চেয়ারম্যান লুৎফর বলেন, ডিআইজি পুলিশের পক্ষ থেকে সেদিনের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ মহাপরিদর্শকের কাছে সুপারিশের আশ্বাস দিয়েছেন।
এদিকে গ্রামবাসীর অভিযোগের মুখে থাকা এএসপি মকবুল হোসেন সাদা পোশাকে শুক্রবার সকাল থেকে ফরাক্কাবাদ ইউনিয়নে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানায়।
ইউপি চেয়ারম্যান লুৎফর বলেন, "তিনি (মকবুল) তার বিরুদ্ধে অভিযোগ না করার জন্য আমাকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছেন।"
এ বিষয়ে মকবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এসেছি গ্রামবাসীকে আশ্বস্ত করতে যে তারা স্বাভাবিক কাজকর্ম করে যেতে পারবে। ডাকাত সন্দেহে পুলিশ পেটানোর মামলায় কাউকে হয়রানি করা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24