পাবনা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার সদস্য বুধবার জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর নির্বাচনী এলাকা পাবনার সাঁথিয়ার কয়েকটি বধ্যভূমি পরিদর্শন করেছেন।
তদন্ত দলের নেতৃত্ব দেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মিসেস মনোয়ারা বেগম ও আব্দুর রাজ্জাক সরকার।
দুপুর ১২ টার দিকে তদন্ত দল সাঁথিয়া উপজেলার করমজা মধ্যপাড়া (মেঘারপাড়া) বধ্যভূমিতে যান।
'৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা ১০ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যার পর এই বধ্যভূমিতে মাটিচাপা দিয়ে রাখে। ওই সময় যাদের গুলি করে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন- করমজা গ্রামের মেগা ঠাকুর, বিজু ঠাকুর, কেরু পাগল, ফকির আলী, মুরালী রানী, আদুবালা শীল, কার্তিক শীল, ষষ্টি হালদার।
তদন্ত দলের সদস্যরা স্থানীয় লোকদের কাছ থেকে ১৯৭১ সালের পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের অপকর্মেরও সাক্ষ্য গ্রহণ করেন। ওই সময়ের প্রত্যক্ষদর্শী করমজা মধ্যপাড়ার ইসমাইল হোসেন, আমিন উদ্দিন ও নাজিমুদ্দীন তদন্ত দলকে বলেন, পাক হানাদাররা এ গ্রামে ঢুকে ১০ জন হিন্দু ও মুসলমানকে ধরে নিয়ে বেনোয়েট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যার পর মাটি চাপা দিয়ে চলে যায়।
২০০০ সালের ৭ ডিসেম্বর করমজা বধ্যভূমি থেকে ওই ১০জনের মধ্যে আট জনের মাথার খুলি, ৪২৭টি হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়। যেগুলো বর্তমানে সাঁথিয়া থানায় সংরক্ষিত আছে।
অপরাধ ট্রাইব্যুনালের সদস্যরা থানায় গিয়ে সেসব আলামত জব্দ করে থানা হেফাজতেই রেখে যান। তারা তদন্তের স্বার্থে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১৩ ঘ.
bdnews24