২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি যুদ্ধজাহাজ যোগ হলো নৌবাহিনীতে

নৌবাহিনীতে দুটি যুদ্ধজাহাজ যোগ করার আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বাহিনীকে আধুনিক ও গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

বাগেরহাট, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌবাহিনীতে দুটি যুদ্ধজাহাজ যোগ করার আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বাহিনীকে আধুনিক ও গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে। শনিবার সকালে বাগেরহাটের মংলা নৌ-ঘাঁটিতে দুই যুদ্ধজাহাজ বিএনএস ধলেশ্বরী ও বিএনএস বিজয়-এর কমিশনিং হয়। এ দুটি কেনা হয় গত বছরের এপ্রিল মাসে। প্রধানমন্ত্রী বলেন, "নৌ-বাহিনীর পরবর্তী প্রজন্মকে আধুনিক ও গতিশীল করে গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।" এর অংশ হিসেবে সরকার নৌবাহিনীর জন্য চীন থেকে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণযোগ্য দুটি যুদ্ধ জাহাজ আনার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশের নিরাপত্তা ও জলসীমা রক্ষায় সজাগ দৃষ্টি রাখতে নৌবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মংলা নৌ ঘাঁটিতে অবতরণ করে। সেখানে তাকে অভ্যর্থনা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, তিন বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর খুলনা অঞ্চলের প্রধান। যুদ্ধজাহাজ দুটির কমিশনিং শেষে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২৪ মিনিটে খুলনায় নৌবাহিনীর জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপইয়ার্ডের উদ্দেশে মংলা ছাড়েন। বিএনএস ধলেশ্বরী ও বিএনএস বিজয় বাংলাদেশের উপকূলীয় জলসীমা রক্ষায় 'অফসোর পেট্রল ভ্যাসেল' হিসেবে কাজ করবে। নতুন কমিশনকৃত এই নৌযান দুটির প্রত্যেকটিতে নৌ-বাহিনীর সাত জন করে কর্মকর্তা এবং ৪৩ জন নৌ সেনা দায়িত্ব পালন করবেন। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ১৯৮১ সালে বৃটিশ রাজকীয় নৌ-বাহিনীতে এইচএমএস লীডস ক্যাসেল ও এইচএমএস ডাম্বারটন ক্যাসেল নামে এ দুটি জাহাজের কমিশনিং হয়েছিলো। ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধে জাহাজ দুটি অংশ নেয়। নৌযান দুটি তৈরি করে স্কটল্যাণ্ডের হল রাসেল কোম্পানি অব এবারডীন। ২০০৫ সাল পর্যন্ত জাহাজ দুটি বৃটিশ রয়্যাল নেভির নিয়মিত অংশ ছিলো। ২০০৫ সালের পর এই দুটিকে যুক্তরাজ্য ও ফকল্যাণ্ডের সমুদ্র উপকূলে জেলেদের নিরাপত্তা এবং সমুদ্রের তেলকূপ প্লাটফর্মগুলোর নিরাপত্তা রক্ষার কাজে ব্যবহার করা হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.