২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ইউনূসের পক্ষে কর্মসূচিতে বাধা

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রতিবাদে পটুয়াখালীতে কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

পটুয়াখালী, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রতিবাদে পটুয়াখালীতে কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানের কর্মীরা। শনিবার সকাল ১০টায় জেলা শহরের সবুজবাগে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে জড়ো হয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সেখান থেকে তাদের মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিলো। তবে পুলিশের বাধার কারণে মিছিল কিংবা মানববন্ধন করা যায়নি বলে ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক পান্না লাল দত্ত সাংবাদিকদের জানান। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে তারা চেষ্টা করছেন বলে জানান তিনি। এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কোনো বাধা দেইনি। যেহেতু এটি একটি সরকারবিরোধী কর্মসূচি, তাই আমরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিরুৎসাহিত করেছি।" গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নোবেলজয়ী ইউনূসকে গত বুধবার অপসারণের আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে সর্বশেষ মেয়াদে ইউনূসকে নিয়োগ দেওয়ায় তাকে অপসারণ ছাড়া কোনো উপায় ছিলো না বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন ইউনূস। গ্রামীণ ব্যাংকও বলছে, তার নিয়োগে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। এদিকে পটুয়াখালীতে বাধা পেলেও একই দাবিতে গাজীপুর, জামালপুর, চাঁদপুরে মানববন্ধন করেছে গ্রামীণ ব্যাংকের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাজীপুনর প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে ওই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। একই সময় কাপাসিয়া উপজেলার বাসস্ট্যান্ড, কলেজ রোড মোড় ও শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৫০ ঘ.