২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীগঞ্জে আবার খুন

তিন দিনের ব্যবধানে আরেকটি খুন হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। আধিপত্য নিয়ে দুই দলের হানাহানিতে এ সব হত্যাকাণ্ড ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 06:32 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

হবিগঞ্জ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের ব্যবধানে আরেকটি খুন হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। আধিপত্য নিয়ে দুই দলের হানাহানিতে এ সব হত্যাকাণ্ড ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার সকালে দুই দলের সংঘর্ষে নিহত হন করগাঁও ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের ইউসুফ আলী (৩০)। করগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাব উদ্দিন শান্তি এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সাগরের সমর্থকদের সঙ্গে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। শুক্রবার নিহত ইউসুফ বিএনপি নেতা শান্তির ছোট ভাই। নবীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে দুই দলকেই ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহত ইউসুফকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান। ওই সংঘর্ষের জের ধরে গত ১ মার্চ খুন হন যুবলীগ নেতা সাগরের ভাগনে শাহ আলম (২৬)। এর আগে ২৯ জানুয়ারি শান্তির ছোট ভাই মইনুল হক খুন হন। এদিকে ইউসুফ হত্যামামলায় দুপুরে আসামি সাগরকে গ্রেপ্তারের জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদার সঙ্গে আলমগীরের কথা কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক পর্যায়ে পুলিশকে বাড়িতে আটকে রাখে সরকার সমর্থকরা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ছাড়িয়ে আনেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "এএসপি জানতেন না যে এটি আলমগীর চৌধুরীর বাসা। আর আলমগীর চৌধুরীর বয়োবৃদ্ধ ও অসুস্থ মা বাসায় পুলিশ দেখে ভড়কে যান। এতে সামান্য কথাকাটাকাটি হয়েছে।" ওই বাড়িতে কোনো আসামি ছিলো না বলেও জানান তিনি। তাহলে কেন পুলিশ অভিযানে গেলো, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। এ বিষয়ে আলমগীর বলেন, "দীর্ঘ ৩০ বছর ধরে রাজনীতি করি। কোনো দিন বাসায় পুলিশ আসেনি। কোনো কারণ ছাড়াই পুলিশ আমার বাসায় এসেছিলো। ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.