২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ও লালমনিরহাটে দুর্ঘটনায় নিহত ৪

কুড়িগ্রাম ও লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও দুই জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম ও লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও দুই জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জন কুড়িগ্রামে এবং অন্য দুই জন লালমনিরহাটে দুর্ঘটনায় প্রাণ হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিনিধিদের পাঠানো খবর- কুড়িগ্রাম : আলাদা দুর্ঘটনায় এক গহবধূ ও এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে শহরের আরকে রোডের হেনাইজেরতল এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় নিহত হন গৃহবধূ ফিরোজা বেগম (৩২)। নিহত ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম প্রামানিকটারী গ্রামের বাসিন্দা। অন্য দুর্ঘটনা ঘটে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের মালভাঙা এলাকায় রাত সাড়ে ৮টার দিকে। নাগেশ্বরী থানার ওসি মনজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরুবোঝাই একটি ট্রাক একটি মটর সাইকেল ও একটি অটো রিকশাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত অটো রিকশাচালক মোমিনুল (২৩), মটর সাইকেল চালক মিঠু ( ১৮) ও আরোহী নাসিমুলকে (২৪) প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মিঠু হাসপাতালে মারা যায় বলে জানান ওসি। লালমনিরহাট : বুধবার সদর ও হাতিবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী মারা গেছে। লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় সদর উপজেলার বড়বাড়ী শিবরামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম নামে একজন মটর সাইকেল আরোহী নিহত হন। নিহত সাইফুলের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়। এ ঘটনায় উত্তেজিত জনতা রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে লালমনিরহাট, কুড়িগ্রামের সঙ্গে রংপুর জেলার যোগাযোগ কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এদিকে সকাল ১১টার দিকে হাতিবান্ধা উপজেলার বোর্ডেরহাট এলাকায় অটো রিকশার ধাক্কায় এমরান আলী (২৪) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার বনচৌকি গ্রামে। এমরানের বাবা আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমনিরহাট যাওয়ার পথে এমরানের মটর সাইকেলকে একটি অটোরিকশা পিছন থেকে ধাক্কা দেয়। এতে এমরান মোটর সাইকেলসহ রাস্তার পাশে খাদে পড়ে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এলএন/এমআই/১৮৩০ ঘ.