ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলের সদর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন ও ঠাকুরগাঁও সদর উপজেলায় মটর সাইকেল দুর্ঘটনায় আরো দুইজন নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল : মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার রসুলপুরে বাস-মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, নিহত দুজনের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজন মারা যান হাসপাতালে।
আহত আরো ১২ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ট্রাক চালক মিজানুর রহমান (৩১) বগুড়ার কাহালু উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি বলে জানান এসআই।
ঠাকুরগাঁও : সদর উপজেলায় মটর সাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে হরিহরপুর গ্রামের 'কাদের ফিলিং স্টেশনের' কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী সাংবাদিকদের জানান, শরিফুল ইসলাম (২৫) ও সোহেল (৩২) মটর সাইকেল করে ঠাকুরগাঁও আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালে আনার পর শরিফুলের মৃত্যু হয়। আর সোহেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
তাদের বাড়ি সদর উপজেলার মথুরাপুর গ্রামে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৫০ ঘ.
bdnews24