২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া ফেরত বাংলাদেশীদের দেখভাল করছেন প্রধানমন্ত্রী

লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশী শ্রমিকদের নিরাপদে বাড়ি পৌঁছানোসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তদারকি করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশী শ্রমিকদের নিরাপদে বাড়ি পৌঁছানোসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তদারকি করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ এবং সহকারী একান্ত সচিব খাইরুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর লিবিয়া ফেরত বাংলাদেশীদের বিষয়টি দেখভাল করছেন। সোমবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১০১ জন বাংলাদেশী দেশে ফেরেন। তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে যার গন্তব্যে যান। গত সপ্তাহে লিবিয়ায় প্রবল সরকারবিরোধী গণআন্দোলন শুরুর পর বাংলাদেশীসহ কয়েক হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি। অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। দ্রুত বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে লিবিয়া ফেরত বাংলাদেশীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর এই তিন সহকারী সোমবার সকাল থেকেই বিমানবন্দরে ছিলেন। মঙ্গলবার ভোর চারটার দিকে বাংলাদেশীদের আরেকটি দল লিবিয়া থেকে দেশে ফিরছে। তাদের সহযোগিতার জন্যও প্রধানমন্ত্রীর এই তিন সহকারী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে সার্বিক দেখভাল করবেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, লিবিয়া থেকে দেশে ফেরা বাংলাদেশীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩২৪ ঘ.