২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া থেকে ফিরেছেন ১০১ বাংলাদেশি

লিবিয়া থেকে ১০১ জন বাংলাদেশি সোমবার দেশে ফিরে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে ১০১ জন বাংলাদেশি সোমবার দেশে ফিরে এসেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের জ্যেষ্ঠ সহকারী সুপার আসমা বেগম রিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে তারা দেশে ফেরেন। তিনি বলেন, "দুপুর ১২টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১০১ জন বাংলাদেনশি দেশে ফিরেছেন।" সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, দুই-এক দিনের মধ্যে আরো এক হাজার বাংলাদেশি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, "মিশরের বাংলাদেশ দূতাবাস আমাদের জানিয়েছে, ৩ মার্চ নাগাদ ৬৭০ জন বাংলাদেশিকে উড়োজাহাজে করে দেশে পাঠানো হবে। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আওএম) আরো ৩৬২ জনকে পাঠাবে।" সচিব জানান, এরই মধ্যে ৮০৪ বাংলাদেশি গ্রিসে পৌঁছেছেন এবং আরও দুই হাজার জন ৩ মার্চের মধ্যে পৌঁছাবেন। তিনি বলেন, "লিবিয়া-মিশর সীমান্তে অপেক্ষমাণ সাড়ে তিন হাজার বাংলাদেশির মধ্যে দেড় হাজার জনকে লিবিয়া থেকে তিউনেশিয়ায় সরিয়ে নেওয়া হবে। "ত্রিপলি বিমানবন্দরে অবস্থানরত সাতশ' বাংলাদেশি নাগরিককেও রেডক্রসের সহযোগিতায় বাসে করে তিউনেশিয়ায় সরিয়ে নেওয়া হবে।" আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রথম থেকেই সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে মিজারুল কায়েস বলেন, "তাদের কোন পথে ফিরিয়ে আনা হবে, আমরা তা নির্ধারণ করার চেষ্টা করেছি। এখন তা বাস্তবায়ন করা হচ্ছে।" মোট ৮ হাজার ৮৬৭ জনকে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা আনার প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, তাদের নিয়োগদাতা কোম্পানিগুলোই এই ব্যয় বহন করবে। লিবিয়ার আভ্যন্তরীণ পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি হয়েছে মন্তব্য করে পররাষ্ট্র সচিব বলেন, "বেনগাজিতে রেডক্রস কাজ করছে। মনে হচ্ছে ওই এলাকায় সরকার তার নিয়ন্ত্রণ হারিয়েছে।" গত সপ্তাহে লিবিয়ায় প্রবল সরকারবিরোধী আন্দোলন শুরুর পর বাংলাদেশিসহ কয়েক হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন। গত বৃহস্পতিবার লিবীয় সেনাবাহিনী তাদের মিশর সীমান্তবর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি। অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএসজেড/এএল/জেকে/২০৫৮ ঘ.