খুলনা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ডুমুরিয়া উপজেলায় খালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
আহত হয়েছে আরো অন্তত ১১ জন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাগুরখালী ইউনিয়নে ঘুনিয়া-পাতিবুনিয়া খাল দখলকে কেন্দ্র করে ভূমিহীনদের সঙ্গে স্থানীয় একটি পক্ষের সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহতরা হলেন- নীহাররঞ্জন বালা (৬৭) ও নীল কমল মণ্ডল (৪০)।
ডুমুরিয়া থানার ওসি আব্দুল জলিল খান জানান, নীহাররঞ্জন বালার নেতৃত্বে এলাকার ভূমিহীনরা কয়েক বছর ধরে ঘুরুনিয়া-পাতিবুনিয়া খালে ধান ও মাছ চাষ করে আসছে।
ওই খালের দখল নিয়ে তাদের সঙ্গে গোলক চৌকিদারের বিরোধ চলছিলো।
বৃহস্পতিবার গোলকের লোকজন খাল দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এতে গুরুতর আহত নীহার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রতিপক্ষের নীলকমল মারা যান একই মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।
সংঘর্ষে আহতদের মধ্যে ভূমিহীনদের পক্ষের বিমল মণ্ডল (২৫), আশীষ মণ্ডল (২৫), রনজিৎ মণ্ডলকে (৩০) ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করা হয়েছে।
নীহারের স্ত্রী সুন্দরী বালা (৬০) বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
অপরদিকে গোলকের পক্ষের মান্দার মণ্ডল (৩৫), বিবেকানন্দ মণ্ডল (৪০) ও খগেন্দ্র নাথ মণ্ডল (৩৭) খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে।
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফালগুনী শিকদার সাংবাদিকদের জানান, আহত নীহার ও তার ছেলে কুমারেশের মাথায় গুরুতর জখম থাকায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় নীহার মারা যান।
ডুমুরিয়া থানার ওসি আবদুল জলিল আরো জানান, সংঘর্ষে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সুধান্ন মণ্ডল (৫৮) ও গোবিন্দ সরকার (৩০)। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এখনও কোনো মামলা হয়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.
bdnews24