২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই গরু উদ্ধারে গিয়ে এসআই নিহত, গ্রেপ্তার ১২

সিলেটের গোয়াইন ঘাটে সীমান্তবর্তী এলাকায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে চোরচক্রের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 06:18 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

সিলেট, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইন ঘাটে সীমান্তবর্তী এলাকায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে চোরচক্রের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তা হলেন- মিজানুর রহমান। তিনি গোয়াইন ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ছিলেন। মিজান কুমিল্লার হোমনা উপজেলার শুভারামপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। খুনের ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অন্তত পাঁচশ' জনকে আসামি করে একটি মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে আলীরগাঁও ইউনিয়নের বার্কিপুর গ্রামে তিনি হামলার শিকার হন বলে গোয়াইন ঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন। আহত মিজানকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেই মারা যান তিনি। দুই গ্রামের বিরোধকে কেন্দ্র করে গত ১৩ ফেব্র"য়ারি গোয়াইন ঘাট এলাকায় ৪০টি গরু চুরি হয়। সে গরু উদ্ধারে বার্কিপুর গ্রামে অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন মিজান। পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লুট হওয়া গরুগুলো বার্কিপুর গ্রামে আছে- এমন তথ্য পাওয়ার পর রাতে একটি দল নিয়ে ওই গ্রামে অভিযানে যান মিজান। কয়েকটি গরু উদ্ধার করে ফেরার পথে রাত দেড়টার দিকে পুলিশের ওপর হামলা চালায় সংঘবদ্ধ চক্র।" হামলাকারীদের বল্লমের আঘাতে মিজানের মৃত্যু হয় বলে ওসি জানান। হামলায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তারা গোয়াইন ঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, নান্দাইর গ্রামের আনোয়ার নামে এক আদম ব্যবসায়ীর কাছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা পাওনা ছিলো পাশের বার্কিপুরের গ্রামের বেশ কয়েকজন লোকের। বিদেশে লোক পাঠানোর কথা বলে এ টাকা নিয়েছিলেন আনোয়ার। কিন্তু বিদেশ যেতে না পারার পর পাওনা টাকা না পেয়ে বার্কিপুরের বাসিন্দারা একজোট হয়ে গত ১৩ ফেব্র"য়ারি নান্দাইর গ্রামে ঢুকে ৪০টি গরু নিয়ে যায়। এরপর গোয়াইনঘাট থানায় মামলা করে নান্দাইর গ্রামের মানুষ। সীমান্তবর্তী গ্রামগুলোতে একটি চোরচক্র সক্রিয় বলে স্থানীয়দের অভিযোগ। সিলেটের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সাখাওয়াত হোসাইনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ গরু চোর চক্রের যোগসাজশ রয়েছে বলে ধারণা করছি।" চুরি যাওয়া ২৭টি গরু উদ্ধার করে ফেরার পথে মিজান ও তার দল হামলার শিকার হন বলে এসপি জানান। তিনি বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এরই মধ্যে ১২ জনকে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা খুন হওয়ার ঘটনায় বিকালে গোয়াইন ঘাট থানায় মামলা করেছেন উপ-পরিদর্শক (এসআই) শহীদ উল্লাহ। ওসি জানান, উপজেলার লামা সাতাইন ও বারকিপুর গ্রাম থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- লামা সাতাইন গ্রামের আবুল কাশেম (৩০), রজব আলী (৬০), মাখন মিয়া (২৫), আব্দুল কুদ্দুস (২০), আব্দুল কাইয়ুম (২৫), জয়নাল আবেদীন (২২), চেরাগ আলী (২৪), বশির উদ্দিন (২৮), আলাউদ্দিন (৩০), সিরাজ উদ্দিন (৪৫) এবং বারকিপুর গ্রামের আব্দুল মালেক (৬০) ও নাজিম উদ্দিন (৩০)। এদিকে, পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের মরদেহ ময়না তদন্ত শেষে মঙ্গলবার বাদ আসর সিলেট আরআরএফ পুলিশ লাইন মাঠে জানাজা হয়। সিলেট পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মোশাররফ হোসেন ভূঁইয়া, সিলেটের পুলিশ সুপারিনটেনডেন্ট সাখাওয়াত হোসেইনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন। জানাজা শেষে এসআই মিজানুরের মরদেহ তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/এমএসবি/২০১৬ ঘ.