২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজের পর কারাগারে

ওয়াজে সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ায় গাইবান্ধায় এক মাওলানাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

গাইবান্ধা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াজে সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ায় গাইবান্ধায় এক মাওলানাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে। আটক মো. মহসিন আলম (৫০) পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি ওয়াজ করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে তালুক সর্বানন্দ কালিগর ফোরকানিয়া মাদ্রাসা মাঠের তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা মহসিন যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেন বলে গ্রামবাসীর অভিযোগ। সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক মো. রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোরে মহসিন মাওলানাকে আটক করে পুলিশে তুলে দেয় স্থানীয়রা। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মহসিনের বিরুদ্ধে বামনডাঙ্গা মাস্টারপাড়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে মঞ্জুরুল মুর্শেদ ওরফে বাপ্পী বুধবার সকালে মহসিনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, মহসিন যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে জামায়াত ও শিবিরকর্মীদের সহযোগিতায় সরকারবিরোধী আন্দোলন গড়তে উস্কানি দিয়েছেন। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারদের নির্দোষ দাবি করে প্রধানমন্ত্রীসহ দেশের গুণীজদের সম্পর্কেও কটূক্তি করেন। এই ধরনের ওয়াজ মাহফিলের মাধ্যমে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনই কোথাও না কোথাও এ ধরনের মাহফিল হচ্ছে। সেখানে মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য উস্কানি দেওয়া হচ্ছে।” বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের নামে জামায়াতে ইসলামী এই ধরনের ওয়াজ মাহফিল আয়োজন করছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা। আর এই বিষয়ে প্রশাসন যথেষ্ট তৎপর নয় বলেও তার অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮৩৩ ঘ.