২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে পাস ৯৭ শতাংশ, ইবতেদায়ীতে ৯১

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি বিস্তারিত জানাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 06:45 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চলতি বছর ৯৭ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে এবার পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। মন্ত্রী দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের ব্যাপারে বিস্তারিত জানাবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ পাঁচ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। আর ইবতেদায়ীতে পূর্ণ জিপিএ অর্জন করেছে ২ হাজার ১৫০ জন।

এবারই প্রথম সমাপনী পরীক্ষার ফল গ্রেড পদ্ধতিতে দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাই (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকেও ফলাফল জানা যাবে।

এছাড়া টেলিটক মোবাইল ফোন থেকে উচঊ লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল পাওয়া যাবে।

ইবতেদায়ীর জন্য DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফল পাওয়া যাবে ফিরতি বার্তায়।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৩ থেকে ৩০ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অনুপস্থিত থাকে এক লাখ ৭৮ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী।

সারা দেশের ছয় হাজার ১৬৮টি কেন্দ্র ছাড়াও সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, কাতারের দোহা, সংযুক্ত আবর আমিরাতের আবুধাবী ও রাসআলখাইমাহ, লিবিয়ার ত্রিপলি, বাহরাইন ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা কেন্দ্রে এবার পরীক্ষা নেওয়া হয়। বিদেশের কেন্দ্রেগুলোতে পরীক্ষা দেয় ৬৩২ জন শিক্ষার্থী।

এবার সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ছাত্র-ছাত্রীকে টেলেন্টপুলে এবং ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২৩০ ঘ.