২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৪ হাজার প্রতিষ্ঠানে শতভাগ পাস

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৭৪ হাজার ৭০৩টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৭৪ হাজার ৭০৩টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত ২৩ থেকে ৩০ নভেম্বর সারা দেশের ৯৯ হাজার ৩৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রাথমিকে ৮৭ হাজার ৮৩২টি। আর ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা ১১ হাজার ৫১৯টি। প্রাথমিকে ৬৮ হাজার ৬২৯টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এর মধ্যে ২৯ হাজার ২৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ হাজার ৮২৭টি নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯৫টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫টি পরীক্ষণ বিদ্যালয়, ৯ হাজার ৯৯৭টি কিন্ডারগার্টেন এবং এক হাজার ৬২২টি এনজিও পরিচালিত বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া এক হাজার ৭৯৯টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, এক হাজার ৬৪০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (নিবন্ধিত নয়), এক হাজার ১১৬টি উচ্চ বিদ্যালয়ে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাকের ৬ হাজার ২১০টি স্কুল, ৬৪৬টি আনন্দ স্কুলের এবং ৪১টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সবাই পাস করেছে। ইবতেদায়ীতে মোট ৬ হাজার ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০৪টি উচ্চ মাদ্রাসায় সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এবং ৪ হাজার ৫৭০টি ইবতেদায়ী মাদ্রাসার সবাই পাস করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, এ বছর প্রাথমিকে ৯৭ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এবারই প্রথম সমাপনী পরীক্ষার ফল গ্রেড পদ্ধতিতে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮৩৮ ঘ.