নীলফামারী, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি গ্রামে ওরসের তবারক খেয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
ওই খাবার খেয়ে রোববার রাতে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের আইষঢাল গ্রামের দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়ে।
সোমবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা যান বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল মজিদ।
এরা হলেন- কামারপুকুর ইউনিয়নের আষাইঢাল গ্রামের বুদারু মামুদের ছেলে সেলিম (৭), মোহাম্মদ সরদারের ছেলে আক্কাস আলী (৪০) এবং মৃত বাসুদ্দি মামুদের ছেলে মফিজ উদ্দীন (৫০)।
বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ১০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছে। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
সৈয়দপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশের ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে মৃত খন্দকার দাউদ আলীর ওরসের আলু, কপি, মাংস ও চাল দিয়ে রান্না করা তবারক খেয়ে অসুস্থ দুইশ’ নারী-পুরুষ ও শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।
ওগুলো খেয়ে সোমবার সকাল থেকেই ভক্তদের খিঁচুনি, পেট ব্যথা, পাতলা পায়খানা ও বমি হতে থাকে। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে করে দুইশ’ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ওইসময় চিকিৎসকরা জানিয়েছিলেন, এরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
অসুস্থদের মধ্যে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ৯০, সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ১০০ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।
এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। হাসপাতাল ছাড়াও আইষঢাল গ্রামেও চিকিৎসক দল কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬২৫ ঘ.
bdnews24