২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তি বাস্তবায়ন আমাদের দায়িত্ব: হাসিনা

প্রধানমন্ত্রী বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই সরকার এটি বাস্তবায়ন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 06:18 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই সরকার এটি বাস্তবায়ন করবে। রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণে ৫ম সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব-২০১১ উদ্বোধন করার সময় রোববার এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।” ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে। তবে পিসিজেএসএস’র সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা চলতি সপ্তাহে অভিযোগ করেন, সরকার চুক্তি বাস্তবায়নে ‘আন্তরিক’ নয়। প্রধানমন্ত্রী বলেন, “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। আমরা এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।” জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ফ্যাসিলিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ উৎসবের আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বক্তব্য দেন। বাংলাদেশে ইউরোপীয় ডেলিগেশনের প্রধান উইলিয়াম হানা, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নবকিশোর ত্রিপুরাও অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৫৭ ঘ.