কিশোরগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে দুই জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার প্রথম প্রহরে উপজেলার উত্তর সালুয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুজনকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।
নিহতদের একজন হলেন উপজেলার নলবাইদ গ্রামের আব্দুল লতিফের ছেলে বাদল মিয়া (৪০)। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কুলিয়ারচর থানার ওসি মুয়িদ চৌধুরী সাংবাদিকদের জানান, হারেছ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পালানোর সময় তাদের বাধা দিলে তারা গৃহিনী জাহানারা ও ফেরদৌস আরাকে ছুরিকাঘাতে আহত করে।
এরপর গ্রামের মসজিদে মাইক থেকে ডাকাত পড়ার খবর প্রচার করা হলে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে পাশের ডুমরাকান্দা গ্রামে ডাকাতদের ঘেরাও করে।
তাদের পিটুনিতে দুজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি স্বর্ণের চেইন উদ্ধার করেছে।
আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪২ ঘ.
bdnews24