২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার সীমানা জটিলতা কাটছে: সাখাওয়াত

নির্বাচন কমিশনারের এ বক্তব্য নতুন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে সংশয় দূর হওয়ার ইঙ্গিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নব গঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা সংক্রান্ত জটিলতার নিরসন হচ্ছে। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আগামী জানুয়ারিতে নির্বাচন করতে নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে সংশয় ছিলো। এখন তা কেটে গেলো বলে ইসি কর্মকর্তারা মনে করছেন। দুই পৌরসভা নিয়ে গঠিত এ সিটি কর্পোরেশনের ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের গোপিনাথপুর ও লালমাইয়ের আংশিক এলাকা বাদ দিয়ে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ হওয়ায় জটিলতা দেখা দেয়। সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন না হলে ২৪ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলো ইসি। বুধবার বিষয়টি নিরসনে স্থানীয় সরকার বিভাগকে চিঠিও দেওয়া হয়। কুমিল্লা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে সাখাওয়াত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "জটিলতা নিরসন হয়েছে। কয়েকটি দিন অপেক্ষা করেন।" ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের সচিব ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের (সীমানা নির্ধারণ কর্মকর্তা) সঙ্গে কথা বলেছেন। সংশোধিত গেজেট প্রকাশের ব্যবস্থার কথা সিইসিকে জানানো হয়েছে। "বৃহস্পতিবারই এ সংক্রান্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। প্রাথমিক ওয়ার্ড তালিকা অনুযায়ী যে সব এলাকা/মহল্লা অন্তর্ভুক্ত ছিলো, তার সীমানা/চৌহদ্দি সম্পূর্ণ অক্ষুন্ন রেখে সীমানা সংক্রান্ত গেজেট সংশোধিত আকারে প্রকাশ করা হচ্ছে," বলেন ইসির এ কর্মকর্তা। কুমিল্লা সিটির ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণের ক্ষেত্রে এলাকার অখণ্ডতার সরেজমিন তদন্ত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসিকে জানিয়েছেন, বিভিন্ন ওয়ার্ডের সীমানা অক্ষুন্ন রেখে ২৭টি ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত আসনের ওয়ার্ডে বিভক্ত করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। তবে গেজেটে তার ব্যতিক্রম পাওয়া গেছে। গত ৯ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। এ গেজেট অনুসারে ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপিনাথপুর (আংশিক) এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ দক্ষিণ গোপিনাথপুর এলাকাটির সম্পূর্ণ অংশ কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছিলো। এ ছাড়া লালমাই এলাকার সম্পূর্ণ অংশ বিলুপ্ত কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভায় অন্তর্ভুক্ত থাকলেও শুধু ২৪ নম্বর ওয়ার্ডের লালমাই (আংশিক) অংশ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। আগে লালমাই এলাকা ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছিলো। ফরহাদ বলেন, "সংশোধনের পর আর কোনো আপত্তির সুযোগ থাকবে না।" ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করতে পারে বলে জানান তিনি। গত জুলাইয়ে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হয়। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এ নির্বাচন করার কথা রয়েছে। বর্তমান ইসির তাদের মেয়াদে এ নির্বাচনটি করতে চায়। আগামী ফেব্র"য়ারিতে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭০৫ ঘ.