২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখলচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে মামলা

জোর করে দোকান দখলের চেষ্টার অভিযোগে চট্টগ্রাম নগর ছাত্রলীগের দুই নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোর করে দোকান দখলের চেষ্টার অভিযোগে চট্টগ্রাম নগর ছাত্রলীগের দুই নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। মামলায় ছাত্রলীগ নগর কমিটির দপ্তর সম্পাদক আরশাদুল আলম বাচ্চু, অর্থ সম্পাদক আবু নাছের চৌধুরী আজাদ (৩০) ও কর্মী শরাফত আলী রিয়াদসহ (২৭) সাতজনের নাম উল্লেখ করা হয়। অন্য চারজন হলেন- মো. আবদুল মান্নান (৩২), মেজবাহ (৩০), শহিদুল ইসলাম শহীদ (৩০) ও মো. সোহেল রানা (২৭)। আদালত ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছে। বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী দৌলতুর রহমান চৌধুরী। তিনি চট্টগ্রামের পাইকারি বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জের ডি আর ট্রেডার্সের মালিক। আসামিদের বিরুদ্ধে ওই ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়। মামলার বাদি দৌলতুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯০ সালে নগরীর পূর্ব নাসিরাবাদ এশিয়ান কমপ্লেক্স মার্কেটের (চার তলা বিশিষ্ট) নিচতলার একটি দোকান শাহজাহান কামাল নামের একজনকে ভাড়া দেন। তিনি বলেন, "মার্কেটের পার্কিং স্পেস তৈরির জন্য ২০০৮ সালে দোকানটি তাকে ছেড়ে দিতে বলি। শাহজাহান তাতে সম্মত না হওয়ায় উচ্ছেদ মামলা করি।" উচ্ছেদ মামলার রায় অনুসারে তিনি দোকানটি ছেড়ে দিলেও আবার দখলের উদ্দেশ্যে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের দিয়ে শাহাজাহানের পরিবারের সদস্যরা একটি গ্র"প গঠন করে বলে দাবি করেন দৌলতুর। মামলার অভিযোগে বলা হয়, গত ১২ নভেম্বর মধ্যরাতে আসামিরা দোকনটি জোর করে দখল নিতে আসে। এসময় দোকানে থাকা তিন হাজার ইট নিয়ে যায় আসামিরা। দৌলতুর বলেন, "১৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উল্লেখিত সন্ত্রাসীদের নেতৃত্বে প্রায় দুইশ লোক বুলডোজার ব্যবহার করে দোকানটি ভেঙে ফেলে।" "এসময় অস্ত্রের মুখে আমাকে ও আমার ভাইদের জিম্মি করে অপহরণের চেষ্টা করে। সন্ত্রাসীরা আমাদের হত্যার হুমকি দেয় এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।" পরে ঘটনাস্থলে র‌্যাব সদস্যরা উপস্থিত হলে আসামিরা পালিয়ে যায় বলে জানান বাদি দৌলতুর। দৌলতুর অভিযোগ করে বলেন, "ঘটনার রাতে খুলশী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এলেও নিরব ভূমিকা পালন করে। এ বিষয়ে মামলা করতে গেলে তা নেয়নি পুলিশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০২০ ঘ.