লালমনিরহাট, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদর উপজেলায় আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে
রোববার সদর থানায় মামলা দু'টি দায়ের করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল হক মামুন ও দলটির স্থানীয় নেতা এনামুল হক।
এ দুই মামলায় জেলা বিএনপি সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১৭ নেতাকর্মীকে আসামি করা হয়।
এ পর্যন্ত বিএনপির কর্মীকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন এলাকার লেমন সরকার, শামীমুজ্জামান শামীম, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান ও আমজাদ হোসেন।
শুক্রবার ও শনিবার উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাটে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দোকানপাটে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়।
এ সহিংস ঘটনা এড়ানোর জন্য এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানার ওসি জমির উদ্দিন মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, এ পর্যন্ত বিএনপির ছয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
এ ব্যাপারে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু এই মামলাকে ষড়যন্ত্রমূলক বলে তা প্রত্যাহারের দাবি জানান।
গত শুক্রবার ও শনিবার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাটে আওয়ামী লীগ ও বিএনপি'র সমর্থকদের মধ্যে কয়েকদফা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। বেশকিছু দোকানপাটে ভাংচুর ও লুটপাট হয়।
এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করে আওয়ামী লীগ ও বিএনপি শনিবার বিকালে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24