রাঙামাটি, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আহত হন তিনজন।
এ সময় হাতির দলটি ১১টি বসতবাড়ি ভেঙেছে বলেও স্থানীয়রা জানিয়েছে।
শনিবার রাত ৯টার দিকে ভাসন্যাদাম ইউনিয়নের ছাইল্যাতলি গ্রামে নিহত হন গ্রামের হাফিজ উদ্দিন (৬৫)।
আহতদের মধ্যে দু'জন হলেন ফজল করিম (৬০) ও খোকন (৩৫)। আরেকজনের নাম জানা যায়নি।
ভাসন্যাদাম ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন জানান, গ্রামের আশপাশে ১৪/১৫টি বন্য হাতি কয়েকদিন ধরে অবস্থান করছিল। রাত ৯টার দিকে হাতির দলটি হঠাৎ গ্রামে হামলা চালায়। এতে পায়ে পিষ্ট হয়ে হাফিজ উদ্দিনর মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ভাসন্যাদাম ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/৩৪২৬ ঘ.
bdnews24