চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিবিরহাট কোরবানির পশুর হাটে জাল টাকা সনাক্ত করার যন্ত্র বসিয়েছে ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ যন্ত্র উদ্বোধন করে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, "সামাজিক দায়িত্ব হিসেবে আমরা জাল টাকা সনাক্ত করার উদ্যোগ নিয়েছি। চট্টগ্রামের কোরবানির পশুর হাটগুলোতে এ ধরনের ১০টি যন্ত্র বসানো হবে।"
পশুর হাটে 'যাচাই বাছাই' করে টাকা লেনদেন করতে ক্রেতা- বিক্রেতাদের অনুরোধ জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম বলেন, বাজারে জাল টাকা বাড়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিপদে পড়ছেন।
চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জাল টাকার বিস্তার বন্ধে চট্টগ্রামের পশুর হাটে যন্ত্রগুলো বসানো হচ্ছে।
চট্টগ্রাম চেম্বারের নিজস্ব অর্থায়নে এসব যন্ত্র বসানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/১৫২১ ঘ.
bdnews24