রংপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সাজিদ পারভেজ জাদুর হত্যাকারীদের ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে স্থানীয় দোকান মালিক সমিতি।
এ দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২টা পর্যন্ত হরতাল পালনের পর এক সমাবেশে ব্যবসায়ী নেতারা এই ঘোষণা দেন।
গত ১৬ অক্টোবর রাতে রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটিরও সদস্য ও জেলা খাদ্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাজিদ পারভেজ জাদুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করছে না- এই অভিযোগে জেলা দোকান মালিক সমিতি বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডাকে। শান্তিপূর্ণভাবে হরতাল পালনের পর বেলা ২টায় শহরের পায়রা চত্বরে এক সমাবেশে সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম লিটন বলেন, "১৫ দিনের মধ্যে জাদুর খুনিদের গ্রেপ্তার করা না হলে আমরা লাগাতার ধর্মঘটে যাব।"
দোকান মালিক সমিতির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাজী মো জিল্লুরও এই সমাবেশে অংশ নেন।
হরতালের কারণে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রংপুর থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আন্তজেলা-উপজলা বাস চলাচলও রয়েছে বন্ধ। তবে রিকশা চলাচল করছে।
শহরের কাঁচা বাজার, মাছ মাংসের দোকান থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ, ওষুধের দোকানসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
দুপুরে সমাবেশের আগে যাদু হত্যার বিচার দাবিতে মিছিল করে ব্যবসায়ীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৪৩০ ঘ.
bdnews24