ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীতে বুধবার একটি অনুষ্ঠানে গিয়ে বিভ্রান্তিতে পড়েন এক প্রতিমন্ত্রীসহ অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরা।
অনুষ্ঠানে উপস্থিত আইন প্রতিমন্ত্রী 'প্রতারণার' জন্য আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
বিডিনিউজ পরিচয়ে কথিত একটি বিজ্ঞাপনী সংস্থা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'নিজামী-সাঈদী-মুজাহিদ যুদ্ধাপরাধী না হলে বাংলাদেশে যুদ্ধাপরাধী কে?' শীর্ষক সভাটির আয়োজন করে ।
প্রতিষ্ঠানটিকে বিজ্ঞাপনী সংস্থা বলা হলেও অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালনকারী ব্যক্তি নিজের নাম শামীম আহমেদ দাবি করে তাকে এ প্রতিষ্ঠানের হেড অব নিউজ বলে পরিচয় দেন।
সভার প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। কিন্তু তিনি অনুষ্ঠানে আসেননি। প্রধান আলোচক ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ খ ম জাহাঙ্গীর, সাবেক সেনা প্রধান হারুন-অর-রশীদ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ন কবির মিজি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোস্তাক হোসেন।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে এসে বিভ্রান্তিতে পড়েন। অধিকাংশ সাংবাদিক মনে করেন এটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুষ্ঠান।
চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক নীলাদ্রি শেখর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অফিস থেকে অ্যাসাইনমেন্ট দেওয়ার পর ভেবেছিলাম অনুষ্ঠান আপনাদের। কিন্তু এসে দেখলাম অন্য একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠান। অনুষ্ঠানটি কাভার করেছি। কারণ অ্যাসাইনমেন্ট তো দেওয়া হয় অনুষ্ঠানের অতিথিকে কেন্দ্র করে।"
অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে যাওয়া প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হারুণ আল রশীদ বলেন, "অনুষ্ঠানে এসে আয়োজকদের পরিচয় জানার পর বিভ্রান্তিতে পড়ি।"
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে সড়ক পরিবহণ উপদেষ্টা পরিষদের সভা ছিলো, তাই অনুষ্ঠানে যাওয়া হয়নি। আপনি ফোন করার পর জানতে পারলাম ওই অনুষ্ঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ছিলো না। সেখানে না গিয়েই ভালো করেছি।"
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "অনুষ্ঠানে গিয়ে বিভ্রান্তিতে পড়ি। বক্তব্য দিয়েই চলে এসেছি। একটা জনপ্রিয় সংবাদপত্রের নাম ভাঙিয়ে এ অনুষ্ঠান করায় ওরা জঘন্য কাজ করেছে।"
তিনি বলেন, "অবশ্যই আপনারা আইনগত ব্যবস্থা নেবেন।"
সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ বলেন, "আমি বিডিনিউজের অনুষ্ঠান মনে করে সেখানে যাই।"
কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম বলেন, "এতো বড় প্রতারণা কীভাবে করলো? আমি ও অনুষ্ঠানে গিয়ে দেখি আনাড়ি টাইপের এক লোক অনুষ্ঠান পরিচালনা করছে। আগে জানলে এ অনুষ্ঠানেই যেতাম না।"
সাংবাদিক মোস্তাক হোসেন বলেন, "সেখানে গিয়ে জানতে পারি এটা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুষ্ঠান না। জানলে যেতাম না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২০০৫ ঘ.
bdnews24