মুন্সীগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের অসুস্থতার খবর শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। এর আগে তিনি এক অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেন।
রোববার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় চিত্রকোর্টের তুলশিখালি বাজারে এ ঘটনা ঘটে।
মো. হেলাল উদ্দিন (৫০) র্যাবে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুর।
র্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তুলশিখালি বাজারে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় চার পুলিশ সদস্যকে কুপিয়ে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এসময় পুলিশের দুটি অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলিও তারা ছিনতাই করে।
হেলাল উদ্দিন ওই অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেন।
র্যাব কর্মকর্তা লুৎফর রহমান আরো বলেন, অস্ত্র উদ্ধার শেষে ক্যাম্পে ফিরে যাওয়ার পথে হেলাল উদ্দিন মোবাইল ফোনে মায়ের অসুস্থতার খবর পান। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন।
সঙ্গে সঙ্গে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
লুৎফর জানান, ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হেলাল উদ্দিনের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24