গাজীপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার স্বামী ও সন্তান।
বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাশিদা আক্তার (২৫)। আহতরা হলেন রাশিদার স্বামী ওবায়দুর রহমান (৩৫) ও ছেলে সজিব (৬)। তাদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ থানার কালিকাপুর গ্রামে।
গোড়াই মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মহানন্দ সিং জানান, হতাহতরা ঢাকা থেকে আসবাবপত্র নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে উত্তর হিজলতলী এলাকায় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে রাশিদা মারা যায়। আহত হয় বাবা ও ছেলে। তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরই পিকআপ চালক পালিয়ে যায়।
স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়া রাশিদার লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬১০ ঘ.
bdnews24