নারায়ণগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বালু ভরাটকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে আগে আগে আগে চর কিশোরগঞ্জে এই হামলার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে বলে স্থানীয়রা জানায়।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই বালু ভরাট কাজে নিয়োজিত শ্রমিক।
এলাকাবাসী জানান, উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে মারিটি মাস লিমিটেড শিপ ইয়ার্ডের বালু ভরাটের কাজ পান স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম।
বালু ভরাটের কাজ তদারকি করতে একই এলাকার হারুন ও কাশেম নামের দুজনকে দায়িত্ব দেওয়া হয়। কাজটি নিয়ে একই উপজেলার চর হোগলা গ্রামের নাছিরের সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়।
এ নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিলো। বিরোধের জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাছিরের নেতৃত্বে ৫০-৬০ জন লোক লাঠিসোটা, দা, বল্লম, টেটাসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
আহতদের মধ্যে আছেন- হারুন, বোরহান, শহীদ, আনিস।
হারুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তারা নিয়মানুযায়ী বালু ভরাটের কাজ পান। দেড় মাস আগে বালু ভরাটের জন্য নাছির মেম্বার তাদের কাছে তিন লাখ চাঁদা দাবি করেন।
গত ২৫ ডিসেম্বর তারা নাছির মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আদালতে মামলা করেন। কিন্তু মামলার পরও নাছির মেম্বার চাঁদার জন্য হুমকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় শুকবার হামলা করেছে তার লোকজন।
অভিযোগ অস্বীকার করে নাছির দাবি করেন, চর কিশোরগঞ্জ এলাকায় তার দুটি বালু মহাল রয়েছে। হারুন ও অন্যান্যরা অবৈধভাবে বালু কেটে নিয়ে যাচ্ছিলো। এতে বাঁধা দেওয়া হয়েছে।
সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24