২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার শহীদ আসাদ দিবস

শহীদ আসাদ দিবস বৃহস্পতিবার। ১৯৬৯ সালের এ দিনে তখনকার আইয়ুব সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে ১১ দফা দাবিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 05:22 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ আসাদ দিবস বৃহস্পতিবার। ১৯৬৯ সালের এ দিনে তখনকার আইয়ুব সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে ১১ দফা দাবিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করে। ওই মিছিলে গুলি চালানো হলে শহীদ হন ছাত্র ইউনিয়ন নেতা আসাদ। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কয়েক দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী আলাদা বিবৃতি দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে ২০ জানুয়ারি একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে স্বৈারাচারী শাসকের বিরুদ্ধে আসাদের আত্মত্যাগ বিফলে যায়নি। সেদিনের আন্দোলন পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। রাষ্ট্রপতি তার বাণীতে আসাদের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ১৯৬৯ সালে ছয় দফার পক্ষে জনমতের জোয়ার দেখে আতঙ্কিত সামরিক জান্তা আইয়ুব খান বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করে। এর প্রতিবাদে গর্জে ওঠে বাংলার মানুষ। ১৯৬৯ সালের এই দিন ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ছাত্র-জনতার এক সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আসাদুজ্জামান। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আসাদ আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার এ আত্মত্যাগকে যথাযথ সম্মান দেওয়ার জন্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রকে শক্তিশালী করাই সবচেয়ে জরুরি। এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে গণসংস্কৃতি ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র সড়ক দ্বীপে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে। প্রতিদিন বিকাল চারটায় এ অনুষ্ঠান শুরু হবে। বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজের সামনে স্থপিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকাল ৪ টায় উদ্বোধন করা হবে এ উপলক্ষে আয়োজিত বইমেলার। এরপর থাকবে আলোচনা সভা। এতে উপস্থিত থাকবেন বদরুদ্দিন উমর, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ। শহীদ আসাদ পরিবার বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে প্রভাতফেরী বের করবে। এরপর শহীদ আসাদ ও ঊণসত্তরের সৌধে পুষ্পস্তবক অর্পণ করবে। এছাড়া শিবপুরে শহীদ আসাদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া বাংলাদেশ যুব মৈত্রী তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে 'শহীদ আসাদ, ঊণসত্তরের গণঅভ্যুথান ও আজকের বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২৩১৯ ঘ.