ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি ঠেকানোর জন্য চালকল মালিকদের ওপর চাপ সৃষ্টি করতে ঋণ পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী।
ভরা মৌসুমে চালের দাম বাড়ার কারণ সন্ধাণে প্রধানমন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) নির্দেশ দিয়েছেন বলে জানান ওই মন্ত্রী।
এদিকে মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠকে 'ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন'-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ সংক্রান্ত চুক্তি, বাংলাদেশ ও ভুটানের মধ্যে সংস্কৃতি, শিক্ষা ও বৈজ্ঞানিক সহযোগিতা চুক্তি এবং বঙ্গোপসাগরে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও আহরণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ ছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফর, থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া-মধ্যপ্রাচ্য সংলাপে যোগদান এবং ভারতের দিল্লীতে গত অক্টোবর মাসে অনুষ্ঠিত দিল্লী আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানী সম্মেলনের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
আবুল কালাম আজাদ জানান, সোমবার ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে সংস্কৃতি, শিক্ষা ও বৈজ্ঞানিক সহযোগিতা চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পরদিন এ সহযোগিতা চুক্তি স্বাক্ষর হবে।
খাদ্যশস্যের বাজার নিয়ন্ত্রণে চাপ সৃষ্টি করতে চালকল মালিকদেরকে অনির্দিষ্টকালের জন্য ঋণ না দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।
বৈঠকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের দাম বাড়ানো এবং বিভিন্ন দেশ থেকে চাল আমদানির বিষয়েও আলোচনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৮২০ ঘ.
bdnews24