২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

সাংবাদিকদের ওপর হামলার মামলায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 05:47 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

খুলনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের ওপর হামলার মামলায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। গত ১৬ সেপ্টেম্বর জেলা যুবলীগ সদস্য শেখ তাবারেক হোসেন ফিরোজ, তার ভাই শেখ ফয়সাল হোসেন ও শেখ রিয়নের বিরুদ্ধে মামলাটি করেন দৈনিক নিউ এজ পত্রিকার খুলনার স্টাফ করসপন্ডেন্ট তাপস কান্তি দাশ। মামলায় অজ্ঞাত আরো কয়েকজনকেও আসামি করা হয়। অভিযোগপত্রে বলা হয়, মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। খুলনা থানার ওসি মুনীর-উল-গীয়াস জানান, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে ফিরোজ নগরীতে এক রিকশাচালককে দীর্ঘক্ষণ ঘুরিয়ে টাকা দেননি। টাকা চাইলে রিকশাচালককে আটকে নির্যাতন করেন। ওই রিকশাওয়ালার কাছে নিউ এজ পত্রিকার স্টাফ করসপন্ডেন্ট তাপস কান্তি দাশ ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার আমিরুল ইসলাম এ বিষয়ে খোঁজখবর নেন। খবরটি শুনে আসামিরা ছয়/সাতজনের একটি দল তাপস ও আমিরুলের ওপর হামলা চালায়। তারা এ দু'জনকে লোহার রড ও লাঠিসোঠা দিয়ে মারধর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩২১ ঘ.