২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে খুন-ধর্ষণের অভিযোগে খুলনায় মামলা

একাত্তরে হত্যা ও ধর্ষণের অভিযোগে খুলনায় তিন জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অন্যদিকে একই ধরনের একটি মামলায় পটুয়াখালীতে গ্রেপ্তার হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 11:58 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে হত্যা ও ধর্ষণের অভিযোগে খুলনায় তিন জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অন্যদিকে একই ধরনের একটি মামলায় পটুয়াখালীতে গ্রেপ্তার হয়েছে একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর খুলনা প্রতিনিধি জানান, বুধবার সকালে খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন নগরীর খালিশপুর থানার সামছুল আলম। মামলার আসামিরা হলেন- খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম (৬২), শেখ আবু তালেব (৬১) ও শেখ সামছুর রহমান (৬২)। হাকিম মো. বারেকুজ্জামান অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য খালিশপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ২২ মে আসামিরা বাদির চাচা মুক্তিযোদ্ধা শেখ কামরুল আলমের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে আগুন দেয়। বাদি বলেন, একই সময়ে আসামিদের নেতৃত্বে রাজাকার বাহিনী ইসলামিয়া কলেজ রোডের এক তরুণীকে ধর্ষণের পর পাকিস্তানি সেনাদের কাছে তুলে দেয়। প্রায় এক মাস পর ওই তরুণীকে হত্যা করা হয়। পটুয়াখালী প্রতিনিধি জানান, একাত্তরে দুই মুক্তিযোদ্ধা হত্যার মামলায় পটুয়াখালীতে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শহরের এক নম্বর সেতু এলাকা থেকে রুস্তম আলী সিকদারকে (৭০) গ্রেপ্তার করা হয় বলে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। রুস্তমের বাড়ি সদর উপজেলার টেলিখালী গ্রামে। গত ১৫ মার্চ সদর উপজেলার খলিশাখালী গ্রামের রিয়াজ উদ্দিন গলাচিপা বিচার বিভাগীয় হাকিম আদালতে ১৯৭১ সালে তার মুক্তিযোদ্ধা দুই মামা বাদশা ও হানিফকে হত্যার অভিযোগে রুস্তমসহ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ১৪ নভেম্বর আসামিরা গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মুক্তিযোদ্ধা দুই ভাই বাদশা ও হানিফকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে জবাই করে তাদের লাশ গুম করে। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলে জানান এসআই আব্দুল মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এলএন/এমআই/১৭৫০ ঘ.