মুন্সীগঞ্জ, সেপ্টম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব দেউলভোগ গ্রামে রোববার গভীর রাতে নৗকাডুবিতে চারজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- খোকন (৩৫), তার ভাই রাজন (২৫), তাদের মামাত ভাই-বোন রফিকুল ইসলাম (৭) ও রোদেলা আক্তার (৫)।
তাদের বাসা ঢাকায় গেন্ডারিয়ায়। স্বজনদের সঙ্গে ঈদ করতে মুন্সিগঞ্জ আসেন।
নিহতদের পরিবারের বরাত দিয়ে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, তারা স্থানীয় কেওড়া পাগলার বাড়িতে বার্ষিক ভেলা ভাসানো ও গানবাজনার অনুষ্ঠান শেষে সাতজন একটি ছোট নৌকায় বিলের ওপর দিয়ে পাশে আত্মীয় মোহাম্মদ আলীর বাড়ি যাচ্ছিলেন।
এ সময় নৌকাটি বিলের প্রায় আট ফুট গভীর পানিতে ডুবে যায়। তিনজন সাঁতরে কূলে উঠতে সক্ষম হন।
গ্রামবাসীরা ডুবে যাওয়াদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সোমবার লাশ তাদের ঢাকায় গেন্ডারিয়ার বাসায় পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫২ ঘ.
bdnews24