চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সত্যপীরের মাজার গেইটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেম্পু চালক মোহাম্মদ আলমগীর (৩০), টেম্পুযাত্রী আবদুস সবুর (২৫) ও মোহাম্মদ ইসমাইল (৬০)।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সত্যপীর মাজার গেইটে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস ও কাপ্তাইমুখী টেম্পুর সংঘর্ষে ঘটনাস্থলে ইসমাইল ও সবুরের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান টেম্পু চালক আলমগীর।
বাসটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে তিনি জানান।
এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/২২৩৪ ঘ.
bdnews24