ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট, চাঁদপুর, ঝিনাইদহ ও ঢাকার সাভারে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
মঙ্গলবারের এই অভিযানে বাগেরহাটে এক ভুয়া আকুপাংচার চিকিৎসককে আটক করা হয়। বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয় কয়েকটি দোকানকে।
চাঁদপুরের একটি বেকারি কারখানা থেকে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিকসহ আটক করা হয়েছে দুজনকে।
ঝিনাইদহে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে দুশ' পাটা গুড়।
সাভারে পাঁচটি মিষ্টি দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আব্দুল হালিম (৫৮) নামে একজন ভুয়া আকুপাংচার চিকিৎসককে আটক করেছে।
এছাড়া শহরের বাজার এলাকার দুটি মিষ্টির দোকান ও একটি সুপেয় পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বাগেরহাট দুধ বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা প্রায় দুশ' কেজি গরুর দুধ পানি ও ফরমালিন মিশ্রিত সন্দেহে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম নেতৃত্বে পরিচালিত আদালতকে সহায়তা করে পুলিশ ও র্যাব।
ইউএনও শফিকুল ইসলাম ও র্যাব-৬ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট কাজী মোহম্মদ শোয়েব সাংবাদিকদের জানান, বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানের পাশের রেড ক্রিসেন্ট ভবনের দ্বিতীয় তলা মাসিক পাঁচ হাজার টাকায় ভাড়া নিয়ে আব্দুল হালিম নামে এক ব্যক্তি চায়না হেলথ কেয়ার নামে একটি ভুয়া চিকিৎসা কেন্দ্র খুলেছিলেন। তিনি কোনো চিকিৎসক সনদ বা তার প্রতিষ্ঠানের স্বপক্ষে কোনো কাগজ দেখাতে না পারেননি।
এই ঘটনায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগের সেনিটারি ইন্সপেক্টর দেবরাজ সাহা বাদি হয়ে বাগেরহাট সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেছেন।
চাঁদপুর: শহরের বাসস্ট্যান্ডের পাশের স্বর্ণখোলা রোডের মধুফুড অ্যান্ড অভিজাত কনফেকশনারির কারখানা থেকে ব্যবহার নিষিদ্ধ বেশ কিছু রাসায়নিক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
আটক করা হয়েছে বেকারির মালিক নূর হোসেন ঢালী (৩০) ও বেকারির কর্মচারী আজিবুর রহমানকে (৩২)।
চাঁদপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন সরকার জানান, মধুফুড বেকারিতে বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে খাদ্যসামগ্রী তৈরির সময় তাদের আটক করা হয়েছে।
এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মামুন সরকার জানান।
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া বাজারে একটি ভেজাল গুড় তৈরির কারখানার খোঁজ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আজমুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলুমবাড়িয়া বাজারের ব্যবসায়ী গোবিন্দচন্দ্র মণ্ডল দীর্ঘদিন ধরে চিটাগুড়ের সঙ্গে চিনি ও বিষাক্ত হাইড্রোস মিশিয়ে পাটালি গুড় তৈরি ও বাজারজাত করে আসছিলেন।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। আদালত বিপুল পরিমান গুড় তৈরির উপাদান ও এক বস্তা হাইড্রোস উদ্ধার করে।
কারখানা মালিক গোবিন্দচন্দ্র মণ্ডলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ইউএনও জানান, দু'শতাধিক গুড়ের পাটা গড়াই নদীতে ফেলে দেওয়া হয়। সিলগালা করে দেওয়া হয় কারখানাটি।
সাভার: বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার বাজার রোড ও নামাবাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভেজাল বিরোধী অভিযানে বাজার রোডের গ্র্যান্ড সন্স অ্যান্ড শম্ভুচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক নিবাস পালকে ৭৫ হাজার টাকা, মহাপ্রশাস মিষ্টান্ন ভান্ডারের মালিক শংকর ঘোষকে ৬০ হাজার টাকা, কালীসাহা সুইটমিটের মালিক প্রণয় সাহাকে ১৫ হাজার টাকা, নামাবাজারের নিতাইচন্দ্র মিষ্টান্ন ভান্ডারের মালিক তপন ঘোষকে ৭০ হাজার টাকা ও লোকনাথ সুইটমিটের মালিক রাম প্রসাদ ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর মিজানুর রহমান খান ও র্যাব-৪ সাভার ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদি ইমাম।
ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বাসী ও পঁচা মিষ্টি বিক্রির অভিযোগে পাঁচটি দোকান জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, সাভারে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.
bdnews24