ঝিনাইদহ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে সাত ঘণ্টার ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রথম দুর্ঘটনা ঘটে চুয়াডাঙ্গা-কালীগঞ্জ মহাসড়কে মহেশপুরে উপজেলার পুরনদরপুরে রোববার সকাল ১০টার দিকে। সেখানে একটি যাত্রীবাহী বাস উল্টে ছয়জন নিহত ও ৩৫ জন আহত হয়।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বিকাল ৫টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে কালীগঞ্জ উপজেলার ছালাভরাতে। সেখানে মালবোঝাই ট্রাক উল্টে নিহত হয় তিনজন আখের ব্যাপারী।
ছালাভরার দুর্ঘটনায় নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বারিবাথান গ্রামের গোলাম নবী (৪০) ও গয়াসপুর গ্রামের শুকুর আলি (৫২) এবং কুষ্টিয়ার মো. শামসুদ্দিন (৬৫)।
কালীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা আবুল খায়ের রোববার গভীর রাতে জানান, যশোরের বসুনদিয়া বাজার থেকে আখ কিনে খুলনা থেকে কুষ্টিয়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকে করে তা নিয়ে যাচ্ছিলেন গোলাম নবী, শুকুর আলী ও শামসুদ্দিন। এ সময় তারা ট্রাকের আখের ওপর ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ট্রাকটি বিকাল ৫টার দিকে ছালাভরা পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় তারা তিনজন ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।
পুলিশ কর্মকর্তা খায়ের জানান, খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা ট্রাকটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে। লাশ তিনটি কালীগঞ্জ থানায় রয়েছে।
মহেশপুর থানার ওসি মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি চুয়াডাঙ্গা থেকে যশোর যাচ্ছিলো। পথে সকাল ১০টার দিকে পুরনদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে মহশেপুর উপজেলার ফতেপুর গ্রামের করুণা দাসের ছেলে সুনীল দাস (৫৫), শফিকুল ইসলামের স্ত্রী জামেনা (৩০), জামালউদ্দীনের ছেলে রিপন (৫), পীরগাছা গ্রামের আইয়ুব মণ্ডলের ছেলে তাহাজ্জেল হোসেন (৩৫) এবং অজ্ঞাতপরিচয় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়।
গুরুতর আহত বাসটির সহকারী চুয়াডাঙ্গার কেদারগঞ্জ গ্রামের নিভরসার ছেলে হানুর (৩০) মৃত্যু হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
প্রত্যক্ষদর্শী পার্র্শ্ববর্তী সড়াতলা গ্রামের আহমদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহসড়কে তখন একটি ভ্যান থেকে বড় একটি কাঠের গুড়ি পড়ে যায়। ওই গুড়িতে ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫৭ ঘ.
bdnews24