সিলেট, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুর্ণাদগাম গ্রামে শনিবার দুপুরে ভাইয়ের হাতে বোন খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরেক বোন আহত হন।
নিহত মনোয়ারা বেগম (৩০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গাজুর গ্রামের মক্তই মিয়ার স্ত্রী।
বাবার বাড়ি কোম্পানীগঞ্জের পুর্ণাদগাম গ্রামে বেড়াতে এসে তিনি খুন হন।
আহত অপর বোন পিয়ারা বেগমকে (২৫) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, বেলা ২টার দিকে পুর্ণাদগাম গ্রামে বাবার বাড়িতে ভাই নিজাম উদ্দিনের সঙ্গে মনোয়ারা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিজাম দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে মনোয়ারা মারা যান।
ঘটনার পর থেকে নিজাম পলাতক রয়েছেন।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24