ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর বৃহস্পতিবার রায় দেবে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি শেষে রায় দেওয়ার এ দিন ধার্য করে।
শুনানি শেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, "সংবিধানে সামরিক আইন ও সামরিক শাসনের কোনো বিধান নেই। এইচ এম এরশাদ সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন।"
তিনি আরো বলেন, "তার জারি করা সামরিক আইন, ফরমান, আদেশ এবং তার রাষ্ট্র পরিচালনা সংবিধান অনুযায়ী অবৈধ ছিলো। অবৈধ ও সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখলের জন্য তার শাস্তি হওয়া উচিত।"
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আনোয়ার এস আজিম। শুনানিতে সরকার পক্ষে আরো বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
গত ৫ এপ্রিল সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের ক্ষমতা গ্রহণ এবং ১৯৮২ থেকে '৮৬ সাল পর্যন্ত সব সামরিক ফরমান, আইন, আদেশ, নির্দেশকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী কেন অবৈধ হবে না- তার কারণ জানতে চায় হাইকোর্ট।
সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদের একটি রিট আবেদনে বিচারপতি মো. মমতাজ উদ্দিন এবং বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ সরকারের প্রতি এ আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৫৩ ঘ.
bdnews24