২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার: সেনা সহায়তা নেওয়া হবে

গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজ দ্রত বাস্তবায়নে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজ দ্রত বাস্তবায়নে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। প্রকল্প এলাকার মধ্যে থাকা বিভিন্ন সেবা সংস্থার সরবরাহ লাইন সরিয়ে নিতে এ সাহায্য নেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আহসান করিম চৌধুরী এ কথা জানান। সোমবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে এক বৈঠকে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এতে সভাপতিত্ব করেন। সভায় সেবা সংস্থাগুলোর সরবরাহ লাইন স্থানান্তরের জন্য দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বৈঠকে নানক বলেন, "প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে নির্মাতা কর্তৃপক্ষকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়াধীন উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে), পাতাল রেল (মেট্রোরেল) এবং ফ্লাইওভার প্রকল্পের কাজে যেন সমস্যা না হয় সে ব্যাপারে নির্মাতাদের সতর্ক থাকতে হবে।" স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৩৪২ কোটি টাকা ব্যয়ে গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী ২০১৩ সালের জুন মাসের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন, ডিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২২০০ঘ.