চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় স্বল্প সময়ের মধ্যে উদ্ধার ও চিকিৎসাসেবার মহড়া হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে।
মঙ্গলবার সকালে হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত এই মহড়ায় চিকিৎসক, সেবক, স্বেচ্ছাসেবক, দমকলকর্মী, পুলিশ ও স্কাউটসহ ৩১৫ জন অংশ নেয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা যৌথভাবে এই মহড়ার আয়োজন করে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় ধরনের প্রাকৃতিক দুযোর্গে একসঙ্গে দুই হাজার লোক আহত হলে কিভাবে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হবে সে বিষয়ে মহড়া হয়েছে।
চট্টগ্রাম নগরীরর ১৫টি ওয়ার্ডে নভেম্বরের মধ্যে এ ধরনের মহড়ার আয়োজন করা হবে বলেও তিনি জানান।
মহড়াকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সিদ্দিকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) মেজর এম এন মতিউর রহমান, উপ-পরিচালক রুহুল আমিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24