২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের বিরুদ্ধে এবার ঢাকায় মামলা

রাষ্ট্রের প্রতি কথিত হুমকির অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে এবার ঢাকার একটি আদালতে মামলা দায়ের হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রের প্রতি কথিত হুমকির অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে এবার ঢাকার একটি আদালতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মো. ইলিয়াছ হোসাইন বিন হেলালী মামলাটি দায়ের করেন। বাদী অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং হুমকির অভিযোগ আনলেও শুনানি শেষে বিচারক রাষ্ট্রদ্রোহের অভিযোগ আমলে না নিয়ে শুধুমাত্র হুমকির অভিযোগ আমলে নেন। বিচারক জামায়াত নেতা তাহেরকে আগামী ৪ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। আরজিতে বলা হয় গত, ৪ অগাস্ট জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত 'সংবিধান সংশোধন, বর্তমান ও ভবিষ্যত বাংলাদেশের বাস্তবতা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে জামায়াত নেতা তাহের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন- "যথাসময়ে সরকারের যথাযথ ব্যক্তিদের বিরুদ্ধে জামায়াতের রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে।" এই বক্তব্য সরকারের জন্য বিরাট হুমকি। যা রাষ্ট্রদ্রোহের সামিল। তার এই বক্তব্য বিভিন্ন দৈনিক পত্রিকায়ও প্রকাশিত হয়। বাদীর আইনজীবী মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে রাজধানীর শাহবাগ থানা, মানিকগঞ্জ ও খুলনার আদালতে একই অভিযোগে তাহেরের বিরুদ্ধে মামলা হয়েছে। কেরানীগঞ্জ, সাভারসহ বিভিন্ন থানায় সাধারণ ডায়েরীও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/১৭৪৩ ঘ.